৩৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ এপ্রিল মাসে
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ৩৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলের অপেক্ষার অবসান হতে চলছে। আগামী এপ্রিল মাসে এই ফলাফল প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। প্রজ্ঞাপন জারির প্রায় দুই বছর পর এই বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হচ্ছে।
পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক আজ রোববার জানান, ‘আমরা এপ্রিল মাসে ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করব। আমরা চেষ্টা করেছি কম সময়ে বিসিএস পরীক্ষা শেষ করতে। এরই ধারাবাহিকতায় কাজ করে চলছি।’
৩৪তম বিসিএসে পিএসসি থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রায় এক বছর পর নিয়োগপ্রাপ্তদের পদায়ন হয়। ৩৫তম বিসিএসে চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রায় নয় মাস পর নিয়োগ হয়। এখন ৩৬তম বিসিএসের প্রার্থীরা চূড়ান্ত নিয়োগের অপেক্ষায় আছেন।
গত বছরের ১১ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ২৩ মে। এই পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস করেন।
২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন।
১ হাজার ২২৬ জন প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।
(আরআর/১১ মার্চ ২০১৮)



