বিদ্যুৎখাতে সহযোগিতায় বাংলাদেশ-চীন-মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নিজেদের মধ্যে বিদ্যুৎ আমদানি-রফতানির জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ, মিয়ানমার ও চীন।

গত শুক্রবার মিয়ানমারের রাজধানী নাইপিদোতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। খবর সিনহুয়া।

খবরে বলা হয়েছে, তিন দেশের প্রতিনিধিরা নিজেদের মধ্যে বিদ্যুৎ ক্রয়-বিক্রয় ও তা বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করেছেন। ত্রিদেশীয় বিদ্যুৎ গ্রিডের আন্তঃসংযোগ ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে দেশগুলোর মধ্যে বিদ্যুৎ বাণিজ্যের বিকাশ ঘটানোই নতুন এই চুক্তির লক্ষ্য।

মিয়ানমারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোর মধ্যে ত্রিদেশীয় এই চুক্তি জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎশক্তি ভাগাভাগি, অবকাঠামোর উন্নয়ন, কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি ও চাকরির সুযোগ সৃষ্টিসহ দীর্ঘমেয়াদে বন্ধুত্ব জোরদার এবং প্রতিটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুৎ সরবরাহে মৌলিক চাহিদা পূরণ করবে।’

(এসএএম/ ১১ মার্চ ২০১৮)


Comment As:

Comment (0)