রিজেন্ট এয়ারওয়েজের দোহা ও দাম্মাম ফ্লাইট শুরু এপ্রিলে

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আগামী এপ্রিলে নতুন ২টি আন্তর্জাতিক গন্তব্যে উড়াল দিচ্ছে দেশের বেসরকারি বিমানসংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। নতুন গন্তব্য দুইটি হচ্ছে মধ্যপ্রাচ্যের কাতারের দোহা এবং সৌদি আরবের দাম্মাম।

ইতোমধ্যে নতুন এ দুই গন্তব্যে ফ্লাইট পরিচালনার জন্য অনুমতিসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিমানসংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে সপ্তাহে ৪দিন ঢাকা-দোহা-ঢাকা এবং ৩দিন ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে ফ্লাইট চলবে।

রিজেন্ট বহরে নতুন যোগ হওয়া ১৬৭ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে রুট দু্ইটি পরিচালনা করা হবে। এই উড়োজাহাজে ৮টি বিজনেস এবং বাকি ১৫৯টি ইকোনমি আসন রয়েছে। আসন বিন্যাস ও পরিসরতার জন্য উড়োজাহাজটি ভ্রমণ বেশ আরামদায়ক হবে।

রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. জেনারেল (অ.) এম. ফজলে আকবর জানান, ২০২২ সালের বিশ্বকাপকে সামনে রেখে কাতারে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারিত হচ্ছে। অন্যদিকে সৌদি আরবেও শ্রম বাজার ঘুরে দাঁড়াচ্ছে। তাই এই দুইটি গন্তব্য বেছে নিয়ে রিজেন্ট এয়ারওয়েজ ফ্লাইট চালু করছে।

তিনি জানান, গত বছরের এপ্রিলে ওমানের রাজধানী মাসকাটে উড়ালের মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রথম যাত্রা শুরু করে রিজেন্ট এয়ারওয়েজ। চলতি বছরের মধ্যেই কুয়েত, বাহারাইন, জেদ্দায় রুট সমপ্রসারণ করা হবে। ২০১৩ সাল থেকে আন্তর্জাতিক রুটে রয়েছে রিজেন্ট এয়ারওয়েজ।

 

(ইউএম/ ২৩ মার্চ ২০১৭)


Comment As:

Comment (0)