নতুন দুই সেবা চালু করল এবি ব্যাংক

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ভিসা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড এবং ডিপোসিট ডাবল ইনস্টলমেন্ট স্কিম নামে দুটি ব্যাংকিং সেবা চালু করেছে বেসরকারি খাতের এবি ব্যাংক লিমিটেড।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার সূচনা করে ব্যাংকটি।

ভিসা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড এর মাধ্যমে এবি ব্যাংকের যেকোনো গ্রাহক যেকোন দেশ থেকে এই সেবা নিতে পারবেন। বাংলাদেশে এই ধরনের সেবা এই প্রথম বলে দাবি করেছে ব্যাংকটি। এবি ব্যাংকের গ্রাহকদের সত্যিকারের গ্লোবাল কার্ড সেবা প্রদান করা এই সার্ভিসের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ।

মেডিকেল, হোটেল, শপিং, হজ্জ এবং ভ্রমণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এ ডেবিট কার্ড এমনটাই দাবি করছে ব্যাংকটি।

ডিপোজিট ডাবল ইনস্টলমেন্ট স্কিম এর মাধ্যমে প্রাথমিক ডিপোজিট এবং সামান্য মাসিক কিস্তিতে মাত্র তিন বছরে জমাকৃত টাকা দ্বিগুণ হবে। ব্যক্তিগতভাবে অথবা যেকোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান এই সেবা গ্রহণ করতে পারবে বলে জানিয়েছে ব্যাংকটি।

এই সেবা নিতে হলে প্রতিটি গ্রাহককে কমপক্ষে ৫০ হাজার টাকা ডিপোজিট করতে হবে। পাশাপাশি প্রতিমাসে কমপক্ষে ৯১০ টাকা হারে তিন বছর কিস্তি প্রদান করতে হবে। সব মিলিয়ে তিন বছর পর মোট ১ লাখ টাকা গ্রাহককে বুঝিয়ে দেবে ব্যাংক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসাইন, আইটি বিভাগীয় প্রধান রিয়াজুল ইসলাম, রিটেইল ব্যংকিং বিভাগীয় প্রধান মিজান রহমান, এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক শামসিয়া মুতাসিম।

(এসএএম/ ১৯ মার্চ ২০১৮)


Comment As:

Comment (0)