মার্চে রেমিট্যান্স বেড়েছে ১৫ কোটি ১৪ লাখ ডলার

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সদ্য শেষ হওয়া মার্চ মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ আগের চেয়ে বেড়েছে।  গত মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১৩০ কোটি ৪ লাখ ডলারেরও বেশি রেমিটেন্স পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সোমবার পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২ দশমিক ৪ বিলিয়ন ডলার।

গত ফেব্রুয়ারি মাসে দেশে ১১৪ কোটি ৯০ লাখ ডলার রেমিটেন্স পঠিয়েছেন প্রবাসীরা। সেই হিসাবে ফেব্রুয়ারির চেয়ে মার্চে রেমিটেন্স বেড়েছে ১৫ কোটি ১৪ লাখ ডলার।

মার্চ মাসে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩১ কোটি ৫৮ লাখ ডলার। বিশেষায়িত দুইটি ব্যাংকের মাধ্যমে এক কোটি ১৩ লাখ ডলার এসেছে। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯৫ কোটি ৯৫ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এক কোটি ৩৮ লাখ ডলার এসেছে।

আর চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৭ শতাংশ বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এসময় প্রবাসীরা দেশে পাঠিয়েছেন একহাজার ৭৬ কোটি ১৩ লাখ ডলার।

বাংলাদেশের জিডিপিতে ১২ শতাংশ অবদান রাখছে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা। বাংলাদেশ ব্যাংকের নানামুখী উদ্যোগের কারণে গত বছরের অক্টোবর মাস থেকে এই রেমিটেন্স প্রবাহ ইতিবাচক ধারায় ফেরে। গত অক্টোবর মাসে ১১৫ কোটি ৯০ লাখ ডলার রেমিটেন্স আসে দেশে।  যা গত সেপ্টেম্বর মাসের চেয়ে ৩০ কোটি ৩০ লাখ ডলার বেশি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ২৮ কোটি ২৫ লাখ মার্কিন ডলার। এছাড়া অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ৫৫ লাখ ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৮৪ লাখ ডলার এবং জনতা ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৭১ ডলার এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী ২০১৬-১৭ অর্থবছরে প্রবাসীরা এক হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার সমপরিমাণ মূল্যের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। যা এর আগের ২০১৫-১৬ অর্থবছরে ছিল এক হাজার ৪৯২ কোটি ৬২ লাখ মার্কিন ডলার। সে হিসাবে গত অর্থবছরে রেমিট্যান্স কমেছে ২১৬ কোটি ১৭ কোটি ডলার বা ১৪.৪৭ শতাংশ।

প্রাপ্ত তথ্য মতে, গত ২০১৬-১৭ অর্থবছরে আগের বছরের (২০১৫-১৬) চেয়ে প্রায় ১৪ দশমিক ৪৮ শতাংশ কম রেমিটেন্স আসে। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে প্রবাসীরা মাত্র ৮৫ কোটি ৬৮ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। শুধু সেপ্টেম্বরই নয়, বিগত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই রেমিটেন্স কমে যাওয়ায় উদ্বিগ্ন ছিল বাংলাদেশ ব্যাংক। পরে রেমিটেন্স বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়।

(এসএএম/ ০২ এপ্রিল ২০১৮)


Comment As:

Comment (0)