কুমিল্লার মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী নিহতের মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আগামী মঙ্গলবার (১০ এপ্রিল) তার জামিন আবেদনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
রোববার (৮ এপ্রিল) কুমিল্লা ৫ নম্বর আমলি আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ আদালতে খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা (প্রোটেকশন ওয়ারেন্ট) প্রত্যাহার ও জামিন আবেদন দাখিল করা হয়েছিল। আদালত রাষ্ট্রপক্ষকে খালেদা জিয়াকে কেন হাজির করা হয়নি জানতে চাইলে তার অসুস্থতার কারণ জানায় রাষ্ট্রপক্ষ।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে খালেদা জিয়াসহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গেলো ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে বন্দি আছেন।
(এমআইআর/ ০৮ এপ্রিল ২০১৮)



