সিটি নির্বাচনের ৭ দিন আগে সেনা চায় বিএনপি
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণের সাত দিন আগে থেকে সেনা মোতায়েন দাবি করেছে বিএনপি।
মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে সিইসি কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠকে লিখিত আকারে এ দাবি জানিয়েছে দলটি।
বৈঠকে খন্দকার মোশাররফ নির্বাচনে ইভিএম ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে। বৈঠকে লিখিত দাবি জানিয়েছে বিএনপি।
লিখিত বক্তব্যে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদকে প্রত্যাহার করারও দাবি জানিয়েছে বিএনপি।
কারণ নির্বাচনী অনিয়মের কারণে ২০১৬ সালে কমিশন তাকে প্রত্যাহার করেছিল। তিনি ২০১১ সালের ৬ জুলাই সেই সময়ের বিরোধীদলীয় চিপ হুইপ ও বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুককে পিটিয়েছিলেন বলে দাবিনামায় উল্লেখ করা হয়েছে।
ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন। এতে নেতৃত্ব দেন ড. খন্দকার মোশাররফ হোসেন। বৈঠকে আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বিএনপি নেতৃবৃন্দ নির্বাচন কমিশন কার্যালয়ে যান।
আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি গাজীপুরে হাসান উদ্দিন সরকার এবং খুলনায় নজরুল ইসলাম মঞ্জুকে প্রার্থী করেছে।
(এমআইআর/ ১৭ এপ্রিল ২০১৮)



