ফ্ল্যাটের নিবন্ধন ফি ৭ শতাংশ করার দাবি রিহ্যাবের
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: নিম্ন ও মধ্যবিত্তদের আবাসন সমস্যা সমাধানে ফ্ল্যাটের নিবন্ধন ফি ৭ শতাংশ করার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
একই সঙ্গে আবাসন শিল্প রক্ষায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যমান মূল্য সংযোজন কর (মূসক) হ্রাস এবং নতুন মূসক আরোপ না করারও প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে ২০১৮-১৯ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় রিহ্যাব এ দাবি জানায়। একই সঙ্গে বিনা প্রশ্নে পাঁচ বছরের জন্য অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ, সেকেন্ডারি বাজার ব্যবস্থা প্রচলনসহ ১২ দফা দাবি এনবিআরের কাছে হস্তান্তর করে রিহ্যাব।
রিহ্যাবের পক্ষে আলোচনায় অংশ নেন সহ-সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূঁইয়া। এ সময় রিহ্যাব পরিচালক প্রকৌশলী মো. মহিউদ্দিন শিকদার ও মো. জহির আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় রিহ্যাব সহ-সভাপতি সাপ্লায়ার ভ্যাট সংগ্রহে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে আবাসন শিল্পের সমস্যা সমাধানে ওয়ার্কিং গ্রুপ গঠনে এনবিআর চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন।
এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগের বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করে সেকেন্ডারি বাজার ব্যবস্থা প্রচলনে দ্রুত পরীক্ষা করে সিদ্ধান্ত বাস্তবায়নের আশ্বাস দেন।
প্রাক বাজেট আলোচনায়, সিমেন্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন, রি রোলিং মিলস অ্যাসোসিয়েশন, ইট, পাথর ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন লিংকেজ শিল্পের প্রতিনিধিরা নিজ নিজ সংগঠনের প্রস্তাবনা তুলে ধরেন।
(এসএএম/ ১৭ এপ্রিল ২০১৮)



