রাবি শিক্ষক হত্যায় ২ জনের ফাঁসি

বিনিয়োগবার্তা ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় ২ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবনের রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ মে) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম ও বগুড়ার শিবগঞ্জের মাসকাওয়াত হাসান ওরফে আব্দুল্লাহ ওরফে সাকিবের ফাঁসি এবং নীলফামারীর মিয়াপাড়ার রহমত উল্লাহ, রাজশাহী মহানগরীর নারিকেল বাড়িয়া এলাকার আবদুস সাত্তার ও তার ছেলে রিপন আলীর যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে রায় ঘোষণা করেন।

অভিযোগপত্রে পাঁচ আসামির বিরুদ্ধে বিচারকার্য পরিচালিত হয়েছে। রায় ঘোষণার সময় চারজনকে আদালতে হাজির করা হয়েছে।

তবে হত্যার মূল পরিকল্পনাকারী শরিফুল ইসলাম এখনও পলাতক। এ মামলায় মোট ৩২ জন সাক্ষী ছিলেন। তবে আদালত ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন।

২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজের বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে।

আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত শেষে ২০১৭ সালের ৬ নভেম্বর আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। আট আসামির মধ্যে খায়রুল ইসলাম বাঁধন, নজরুল ইসলাম ওরফে বাইক হাসান ও তারেক হাসান ওরফে ওসমান আগেই আইনখৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

(এমআইআর/ ০৮ মে ২০১৮)


Comment As:

Comment (0)