‘ইইউ’র সঙ্গে আলোচনা করেই পোশাক খাতের সংস্কার’
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আলোচনা করেই পোশাক খাতে সংস্কারমূলক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান।
গতকাল সোমবার রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বাংলাদেশে সফররত প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্য আর্নে লিটজ। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন লিন্ডা ম্যাকাভেন, নোবার্ট নেজার ও এগনেস জোগেরিয়াস।
জার্মানির রাজনীতিক আর্নে লিটজ ইইউ পার্লামেন্টে প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব সোসিয়ালিস্ট অ্যান্ড ডেমোক্রেট এর প্রতিনিধি হিসেবে রয়েছেন।
বিজিএমইএ সভাপতি বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ আমাদের বড় ক্রেতা। তাই তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই সংস্কারমূলক সিদ্ধান্ত নিতে চাই। তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে চাই।
সিদ্দিকুর রহমান বলেন, ইইউ প্রতিনিধি দলের সঙ্গে ইপিজেড এবং লেবার ‘ল নিয়ে আলোচনা হয়েছে। রানা প্লাজা দুর্ঘটনার পর তিন বছরে বাংলাদেশের পোশাক খাত কত দূর এগিয়েছে, কারখানার কতটুকু সংস্কার হয়েছে। সেসব বিষয়ে তারা জানতে চেয়েছে। আমরা পোশাক খাতের সার্বিক অগ্রগতি তুলে ধরেছি।
পোশাক খাতের সঙ্গে সরাসরি ৪৪ লাখ এবং ব্যাকওয়ার্ড লিংকেজসহ প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থান জড়িত বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক জঙ্গিবাদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আর্নে লিটজ বলেন, সমস্ত ইউরোপীয় ইউনিয়ন জুড়ে সন্ত্রাসবাদের হুমকি রয়েছে। এটা এখন একটি বৈশ্বিক সমস্যা। তবে এক্ষেত্রে খোলামেলা ও উদার গণতন্ত্রের চর্চা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। মুক্ত গণমাধ্যম, মত প্রকাশের স্বাধীনতা ও শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা এর অন্তর্ভূক্ত থাকা উচিত।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, শক্ত ও কার্যকর ট্রেড ইউনিয়নের উপর্ ইইউর বিজনেস মডেল নির্ভর করে। শ্রমিকের সংগঠন প্রতিষ্ঠা ও নিজেদের অধিকার নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার সুযোগ দিতে হবে।
ইইউ প্রতিনিধিদের পক্ষ থেকে আগামীকাল বুধবার বাংলাদেশ সফর বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
(এসএএম/ ২৮ মার্চ ২০১৭)



