বান্দরবানে পাহাড়ের মাটি চাপায় নিহত ৪ জন
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনজয় পাড়ায় মাটিচাপায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পাহাড়ে মাটি কাটার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোনা মেহের, মো. আবু, নরুল হাকিম ও জসিম উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান- মনজয়পাড়া গ্রামের বাসিন্দা রাজেন্দ্র বড়ুয়ার ছেলে সোপায়েন বড়ুয়ার মৎস্য প্রজেক্টের পানি চলাচলের নালা পরিষ্কার করতে গিয়ে নিচে থাকা শ্রমিকদের উপর পাহাড় ধসে মাটি চাপা পড়ে। এ সময় ঘটনাস্থল থেকে নুর মোহাম্মদকে (২৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম সারওয়ার কামাল বলেন, পাহাড় ধসের খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে যাচ্ছি। মাটি চাপা পড়ে থাকা ব্যক্তিদের উদ্ধারে প্রয়োজনে রামু সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হবে।
(এসএএম/ ২১ মে ২০১৮)



