বাজেটে প্লট ও ফ্ল্যাটের নিবন্ধন ফি কমানোসহ একগুচ্ছ দাবি রিহ্যাবের
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আসন্ন জাতীয় বাজেটে ফ্ল্যাট ও প্লট নিবন্ধন ব্যয় ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার দাবি জানিয়েছে আবাসন ব্যবসায়িদের সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে সাক্ষাৎ করে রিহ্যাব নেতৃবৃন্দ এ দাবি জানান।
রিহ্যাব এর প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন), এমপি, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া এবং ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল কৈয়ূম চৌধুরী এ দাবি তুলে ধরেন।
একই সাথে গৃহায়ন খাতে ব্যাংক সুদের হার কমানো এবং স্বল্প ও মধ্যবিত্তদের জন্য আবাসনের ব্যবস্থা করতে ২০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের জোর দাবি জানানো হয়।
রেজিষ্ট্রেশন ফি, ষ্ট্যাম্প ডিউটি, গেইন ট্যাক্স ইত্যাদি বিদ্যমান হার হ্রাস করে মাত্র ৩.৫% হারে দ্বিতীয় বার ফ্ল্যাট/প্লট ক্রয় বিক্রয় এর ব্যবস্থা করা অর্থাৎ আবাসন সেক্টরে সেকেন্ডারি বাজার ব্যবস্থা গড়ে তোলার জন্যও দাবি জানানো হয় অর্থমন্ত্রীর নিকট।
অর্থমন্ত্রী মনোযোগ দিয়ে রিহ্যাব নেতৃবৃন্দের দাবিা কথা শুনেন এবং আগামী বাজেটে বেশ কিছু দাবি দাওয়ার প্রতিফল থাকবে বলে আশ্বস্ত করেন।
(এসএএম/ ২১ মে ২০১৮)



