আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন তৈরি পোশাক রফতানিকারকরা

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: একজন তৈরি পোশাক রফতানিকারক এখন থেকে বাংলাদেশ ব্যাংকের রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন। এর আগে এই সীমা ছিল দুই কোটি ডলার। রফতানি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার ঋণসীমা বাড়ানোর এই প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিজিএমইএ ও বিটিএমএর সদস্যভুক্ত উৎপাদনকারী-রফতানিকারকদের জন্য প্রয়োজনীয় উপকরণ আমদানির ক্ষেত্রে অনুমোদিত ডিলার রফতানি ঋণপত্র/নিশ্চিত চুক্তি/ অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে একজন রফতানিকারক ইডিএফ থেকে সর্বোচ্চ দুই কোটি ডলার ঋণ গ্রহণ করতে পারতেন। এখন এই সীমা বাড়িয়ে আড়াই কোটি ডলার করা হলো।

প্রসঙ্গত, রফতানি খাতে সহায়তা দিতে ১৯৮৯ সালে মাত্র তিন কোটি ডলার দিয়ে ইডিএফের যাত্রা শুরু হয়। দফায় দফায় বাড়িয়ে এই তহবিলের পরিমাণ এখন আড়াইশ কোটি ডলারে দাঁড়িয়েছে।

(এসএএম/ ২১ মে ২০১৮)


Comment As:

Comment (0)