ঈদ উপলক্ষে নতুন নোট বিনিময় শুরু ৩ জুন
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ঈদ উল ফিতর উপলক্ষ্যে প্রতিবছরের মতো এ বছরও গ্রাহকদের নতুন নোট বিনিময়ের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩ জুন রোববার থেকে নতুন নোট বিনিময় শুরু হচ্ছে। ঈদের ছুটি শুরু হওয়ার আগ পর্যন্ত এই নোট পাওয়া যাবে।
রোববার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকেও ১০ টাকা থেকে ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট (প্রতিটি একটি প্যাকেট করে) বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নতুন নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।
যেসব ব্যাংক ও শাখায় নতুন টাকা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে- রাজধানীর ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, দি সিটি ব্যাংকের, মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারাওয়ান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, রূপালী ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা দক্ষিণখান, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা এবং ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা।
(এসএএম/ ২৭ মে ২০১৮)



