নরসিংদীতে আ’লীগের দু’পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধ; আহত ২০

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষে ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার ( ১ জুন) সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় স্থানীয় একটি বাজারে ও আশপাশের ৮টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

আহতদের মধ্যে ৮ জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা গ্রেফতার এড়াতে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল কিংবা ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

যাদের নাম পরিচয় পাওয়া গেছে তারা হলে- আলাল উদ্দিন, জুয়েল মিয়া, মনসুর মিয়া, নান্নু মিয়া, রহিম বাদশা, শহিদুল্লাহ মিয়া, করিম মিয়া, গুলজার হোসেন ও ইমান আলীসহ ২০ জন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আলীপুরা এলাকার দক্ষিণপাড়ার আওয়ামী লীগ নেতা কামাল হোসেন মেম্বার ও উত্তরপাড়ার আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার (৩১ মে) সন্ধ্যায় আলীপুরা নতুন বাজারে শাহজাহান পক্ষের কালাম, দ্বীন ইসলাম, খলিলের সঙ্গে কামাল মেম্বার সমর্থক গুলজার ও করিমের কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি শুক্রবার সকালে বৈঠকের মাধ্যমে মীমাংসা করা হবে বলে তাৎক্ষণিক দু’পক্ষকে সরিয়ে দেয় উপস্থিত লোকজন। কিন্তু বৈঠকের আগেই কামাল মেম্বারের কয়েকজন শাহজাহান মিয়ার লোকজনের ওপর হামলা চালায়। এ হামলার খবর ছড়িয়ে পড়লে শাহজাহান’র সমর্থকরা টেঁটা ও আগ্নেয় অস্ত্র সহ সংঘবদ্ধ হয়ে কামাল মেম্বারের লোকজনের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় দু’পক্ষের মধ্যে টেঁটা সংঘর্ষে নারীসহ উভয় পক্ষে ২০ জন আহত হয়। পাশাপাশি বাড়িঘর ও স্থানীয় আলীপুরা নতুন বাজার ভাঙচুর ও লুটপাট করা হয়।

দক্ষিণপাড়া এলাকার বিউটি বেগম বলেন, ‘আমার বাজারের দোকানের প্রায় ২/৩ লাখ টাকার ইলেকট্রিকের মালামাল লুটপাট করে নিয়ে গেছে। এছাড়া শাজাহান পক্ষের খলিল, কালাম, দ্বীন ইসলামসহ ৪০/৫০ জন লোক আমাদের লোকজনকে টেঁটা দিয়ে মেরে বাড়িঘর ভাঙচুর করে সব মালামাল লুট করে নিয়ে গেছে।’

এ ব্যাপারে কামাল মেম্বার ও শাহজাহান’র সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

করিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘মূলত এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় শাহজাহান ও কামাল মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। কথাকাটাকাটির জের ধরেই সংঘর্ষটি হয়েছে। শাহজাহান সমর্থকরা লোকজন কামাল মেম্বারের লোকজনের প্রায় ৮/১০টি বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে। সংঘর্ষে কামাল মেম্বারের লোকজনই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও প্রথমে কামাল মেম্বারের লোকজনই প্রতিপক্ষের  লোকজনের ওপর হামলা করে। সংঘর্ষে উভয়পক্ষের ১৪/১৫ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।’

(এসএইচআর/এসএএম/ ০১ জুন ২০১৮)


Comment As:

Comment (0)