আবাসন খাতের সমস্যাগুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে: বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: আবাসন খাতের বাস্তব সম্মত সমস্যাগুলো নিয়ে গৃহায়নমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ে বিষয়গুলোর ব্যাপারে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি।

শনিবার সকালে  রাজধানীর ঢাকা ক্লাবে ‘জাতীয় অর্থনীতিতে আবাসন খাত’ র্শীষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

অর্থনীতিতে আবাসন খাতের ব্যাপক গুরুত্বের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আবাসন খাতে ১৫ শতাংশ নিবন্ধন ব্যয় থাকতে পারে না। এই খাত চাঙ্গা থাকলে লিংকেজ শিল্প আরো বিকশিত হবে বলে মনে করেন তিনি।

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্ক (সিসিএন) যৌথভাবে এই গোল টেবিল আলোচনার আয়োজন করে।

টিভি উপস্থাপক জিল্লুর রহমানের উপস্থাপনায় উক্ত আলোচনায় রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, বাজেটে বিভিন্ন খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকলেও আবাসন খাতে ক্রেতাদের জন্য সরকারি কোন তহবিল নেই। ১৪ থেকে ১৬ শতাংশের উচ্চ নিবন্ধন কমিয়ে ৭ শতাংশ করার দাবি করেন তিনি। একই সাথে সেকেন্ডারি বাজার ব্যবস্থা গতিশীল করতে দ্বিতীয় বার ফ্ল্যাট ক্রয়ে নিবন্ধন ব্যয় কমানোর দাবি জানান রিহ্যাব প্রেসিডেন্ট।

আলোচনায় অংশ নিয়ে রিহ্যাব এর সিনিয়র সহ সভাপতি নুরুন্নবী চৌধুরী (শাওন) এমপি বলেন, গৃহায়ন খাতে ঋণের সুদ হার এক অংকে নামার পর সম্প্রতি আবার তা ডাবল ডিজিটে চলে গেছে। ফলে এই খাত একটু ঘুঁরে দাঁড়ানোর পর আবার স্থবিরতার দিকে যাচ্ছে। আবাসন খাতকে গুরুত্ব দিয়ে দীর্ঘ মেয়াদে ৫০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের দাবি জানান তিনি।

এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) বলেন, নির্মাণ খাতের বেশ কিছু সামগ্রী বিশেষ করে সিমেন্টের দাম এখনও বেশি এটা কমাতে হবে। ভূমি নিবন্ধন সহজ করার কথাও বলেন এফবিসিসিআই সভাপতি। রিহ্যাব এর সহ সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়া বলেন, রিহ্যাব সদস্যরা শুধু ঢাকায় নয় ঢাকার বাহিরেও তাদের ক্রার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ, রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল হক, আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান, এনার্জি এ্যান্ড পাওয়ার সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন, বারভিডার সভাপতি মোঃ হাবিব উল্লাহ ডন, রি রোলিং মিল এসোসিয়েশন এর সহ সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ গোল টেবিল আলোচনায় তাদের বক্তব্য তুলে ধরেন।

(এসএএম/ ০২ জুন ২০১৮)


Comment As:

Comment (0)