সিরাজগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কাভার্ডভ্যান চালকসহ আরও ৩ জন।আহতদের রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, সকালে টিনভর্তি ট্রাক ঢাকা থেকে বগুড়া যাচ্ছিল। পথে দাদপুর জিআর স্কুলের কাছে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন ৩ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি।

(কেএইচকে / ০৩ জুন ২০১৮)


Comment As:

Comment (0)