২০১৮-১৯ অর্থবছরের বাজেট বীমা শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে: বিআইএ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ৭ই জুন, ২০১৮ তারিখে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কর্তৃক ঘোষিত ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে দেশের বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ০৭ জুন ২০১৮ তারিখে অর্থমন্ত্রী তাঁর রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ এবং রেকর্ড সৃষ্টিকারী ২০১৮-২০১৯ অর্থবৎসরের জন্য ৪,৬৪,৫৭৩ কোটি টাকার একটি বাজেট মহান সংসদে উপস্থাপন করেন। উক্ত বাজেটে বীমা প্রতিনিধি কমিশনের উপর ১৫% মূল্য সংযোজন কর তুলে নেওয়ায় এবং ব্যাংকের পাশাপাশি বীমা ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের কর্পোরেট ট্যাক্স ২.৫% কমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর পক্ষ থেকে বিআইএর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
সংগঠনটি মনে করে, অর্থমন্ত্রীর এ ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসাসিয়েশনের দীর্ঘদিনের অন্যতম দাবী বাস্তবায়িত হলো। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর এ বলিষ্ঠ সিদ্ধান্তকে বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন স্বাগত জানিয়েছে। এ সিদ্ধান্ত বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানীগুলোকে উজ্জীবিত করেছে এ বিষয়ে কোন সন্দেহ নেই।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের বীমাশিল্প একটি অপার সম্ভাবনাময় অর্থনৈতিক খাত। আশা করা যায় বাংলাদেশ ইন্স্যুরেন্স কোম্পানীগুলো অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য অবদান রাখবে। পরিশেষে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
(এসএএম/ ১০ জুন ২০১৮)



