এসএমই খাতে আমানত ও ঋণের সুদহারের ব্যবধান ৪ শতাংশ করার নির্দেশ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ভোক্তা ঋণ ও ক্রেডিট কার্ড ঋণ ছাড়া বাকি সব ঋণ এবং আমানতের সুদের হারের মধ্যে ব্যবধান ৪ শতাংশ নামিয়ে আনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১২ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।
কেন্দ্রিয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, অন্যান্য ঋণের সঙ্গে এসএমই খাতের ঋণের সুদের হার ও হিসাবায়ন করে ঋণ ও আমানতের গড়ভারিত সুদ হারের ব্যবধান ৪ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে।
এতোদিন কার্ড ও ভোক্তা ঋণ ছাড়া অন্যান্য খাতে ঋণ এবং আমানতের গড়ভারিত সুদ হারের ব্যবধান (স্প্রেড) ৫ শতাংশের মধ্যে সীমিত রাখার নির্দেশনা ছিল।
সাম্প্রতিক সময়ে ঋণে সুদের হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে গত ৩০ মে এই হার কমিয়ে স্প্রেড ৪ শতাংশ নামিয়ে আনার নির্দেশনা দিলেও এসএমই খাতের বিষয়ে পরিস্কার করে কিছুই বলা ছিল না। ফলে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে ভুল বোঝাবোঝি হচ্ছিল। এই ভুল বোঝাবোঝি দূর করতে মঙ্গলবার নতুন নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, দেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাতের ভূমিকা ও অগ্রাধিকার বিবেচনায় এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ দেশে অধিকতর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উক্ত খাতে প্রদত্ত ঋণের সুদ হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণের নিমিত্তে অন্যান্য ঋণের সঙ্গে এসএমই খাতের সুদ হার অন্তর্ভুক্ত করে ঋণ ও আমানতের গড়ভারিত সুদ হারের ব্যবধান ৪ শতাংশের মধ্যে সীমিত রাখার জন্য নির্দেশনা জারি করা হয়েছে।
(এসএএম/ ১২ জুন ২০১৮)



