নরসিংদীতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত আরও সাত

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে বজ্রপাতে দুই নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকাল তিনটার দিকে সদর উপজেলার নলবাটা এলাকায় মেঘনা নদীতে নৌকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও সাতজন।

নিহতরা হলেন, সদর উপজেলার আলোকবালী গ্রামের চাঁন মিয়ার স্ত্রী রেহেনা বেগম (৩৫) ও একই এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও মনা মিয়ার ছেলে সেলিম মিয়া (২৫)। আহতরা হলেন, আলোকবালী এলাকার রুবেল মিয়া (২০), সানাউল্লাহ মিয়া (২৫), ভুট্টো মিয়া (৩২), কুতুব উদ্দিন (২৬), জাবের হোসেন (২৫), আলম মিয়া (১৫), ফরহাদ হোসেন (২৫)।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নরসিংদীর চরাঞ্চল আলোকবালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি ইঞ্জিননচালিত নৌকা নরসিংদী শহরের দিকে আসার পথে নলবাটা এলাকায় পৌঁছালে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে ফলে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই সেলিম মিয়ার মৃত্যু হয়। নারীসহ নৌকার অপর আহত অবস্থায় ৯ জনকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহত ৭ জনের মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকীদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান  বলেন, বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন ৬/৭ জন। তারা নরসিংদী সদও হাসপাতাল ও ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এটি একটি দুর্ঘটনা।

(এসএইচআর/ এসএএম/ ১২ জুন ২০১৮)


Comment As:

Comment (0)