নরসিংদীতে পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে পুলিশি বাধা উপেক্ষা করে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ বাধা প্রদান করে। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশি বাধা টেলে সামনের দিকে এগিয়ে যায়। পরে জেলাখানা মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর এলাহী, সহ সভাপতি এড. আবদুল বাছেদ, যুগ্ম সম্পাদক হারণ অর রশিদ, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দীপু, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুখ উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল উসলাম বাচ্চুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকালে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে এসে জড়ো হয়। বিক্ষোভ মিছিলে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্চাসেবক দল আলাদা আলাদা ব্যানার নিয়ে অংশ গ্রহন করেন।
(এসএইচআর/এসএএম/ ২১ জুন ২০১৮)



