রায়পুরায় দুই সন্তানকে হত্যা পর পিতার আত্মহত্যা
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা : নরসিংদীর রায়পুরায় নিজের দুই সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার করার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।
শুক্রবার ভোররাতে রায়পুরা পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তুলাতলীতে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- কাজল মোল্লা (৩২) ও তার দুই সন্তান কাকলী আক্তার (৮) এবং সোয়ান মোল্লা (৫)।
নিহত কাজল মোল্লার বড় ভাই সামসু মোল্লা জানান, কাজল প্রায় তিন বছর ধরে তাদের বাড়িতে থাক না। সে উপজেলার নয়াচর গ্রামের শ্বশুর বাড়িতে থেকে নরসিংদী শহরে অটো রিক্সা চালাতো। মাঝে মধ্যে বাড়িতে আসতো, খোঁজখবর নিতে।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার আগে কাজল তার দুই সন্তানকে নিয়ে বাড়িতে আসে এবং সকলের সাথে দেখাশুনা করে সন্ধ্যার পর চলেও যায়। কিন্তু শুক্রবার সকালে তাদের বাড়ির খানিকটা দূরে কাজল তার দুই সন্তানকে হত্যা করে এবং সে আত্মহত্যা করেছে বলে খবর পাই।’
সামসু বলেন, ‘‘এ খবরে ছুটে গিয়ে দেখি বর্ষার পানি জমে থাকা একটি গর্তের পাশে কাকলী ও সোয়ানের লাশ পড়ে আছে এবং একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থা কাজলের লাশ ঝুলে আছে।’
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভাব অনটনের ফলে স্বামী-স্ত্রীর দ্বন্ধে এ হত্যা ও আত্মহত্যা কারণ বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
(এসএইচআর/এসএএম/ ২২ জুন ২০১৮)



