সিরাজগঞ্জে বাস-পিকআপ মুখোমুখী সংঘর্ষ; নিহত ২ ও আহত ১০
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত এবং আহত হয়েছেন ১০ জন ।
আজ রবিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিনচড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চাপাইনবাবগঞ্জ জেলার আনারুল (৫০), তরিকুল ইসলাম (২৯), আব্দুল্লাহ শেখ (১৮), কাওসার রহমান (৪৩), রাজশাহী জেলার বিকাশ চন্দ্র (১৮) ও কুড়িগ্রাম জেলার ওসমান গণীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে আর. পি. রোকেয়া এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। ভোরে বাসটি সলঙ্গা থানার হরিনচড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে দুই জন নিহত হন এবং অন্তত ১০ যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস ও পুলিশ সুপার কার্যালয়ের কন্টোল রুম এ তথ্য নিশ্চিত করেছে।
(কেএইচকে / ২৪ জুন ২০১৮)



