রায়পুরায় নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ৩ দিন পর মামুন (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার হাসিমপুর গ্রামের তিনতলা একটি বাড়ীর ছাদ থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক জয়নাল মাস্টার ও তার ছেলে আরমান শরীফকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। নিহত মামুন হাসিমপুর গ্রামের সুজন মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুন খেলাধুলার জন্য বাড়ি থেকে বের হয় মামুন। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। আত্মীয়স্বজনদের নিকট খুঁজাখুজির পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করেও তার সন্ধান না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। এরই মধ্যে পাশের বাড়ীর একটি ছাদ থেকে দূরগন্ধ ছড়াচ্ছিল। পরে স্থানীয়রা ছাদে গিয়ে মামুনের মুখে কচটেপ পেচানো ও গলায় রশি পেচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার কারন এখনো জানা যায়নি। তবে বাড়ীর মালিক ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। অচিরেই রহস্য উন্মোচন হবে। নিখোঁজের একটি জিডি হয়েছিল।

(এসএইচআর/এসএএম/ ২৪ জুন ২০১৮)


Comment As:

Comment (0)