মাধবদীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীর মাধবদীতে টপ লাইন ফ্যাশন হাউজ, রাঁধুনী রেস্টুরেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার বেলা ১২ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট ও সিনিয়র সহকারী কমিশনার লুবনা ফারজানা ।

অভিযানে নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাবান্না ও পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় মাধবদীর রাঁধুনী রেস্টুরেন্টকে ১২ হাজার টাকা ও এনএফসি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অতিরিক্ত মূল্যে বিভিন্ন পন্য বিক্রি ও ডিলিং লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬ ও ৭ ধারায় মাধবদীর টপলাইন ফ্যাশন হাউজ এবং রেক্স ওয়ান-কে জরিমানা করা হয়। এদিকে অভিযান চলাকালে মাধবদীর সকল ঔষধের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানপাট বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী টিম মাধবদী ছাড়ার পর বিকাল ৪টার দিকে বাজারের দৃশ্যপট স্বাভাবিক হয়।

অভিযানে কালে নির্বাহী ম্যাজিস্টেট লুবনা ফারজানার সাথে ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাকসুদুল হক।

এসময় লুবনা ফারজানা সাংবাদিকদের জানান, মাধবদীর অধিকাংশ দোকানেরই ডিলিং লাইসেন্স নেই, যা ট্রেড লাইসেন্সের পাশাপাশি প্রত্যেকটি দোকানকেই জেলা প্রশাসনের নেজারত শাখা থেকে গ্রহণ করা আবশ্যক । জনসচেতনতা বৃদ্ধির জন্যেই মূলত এ অভিযান। অভিযান চলাকালে কিছু সংখ্যক ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে রাঁধূনী, এনএফসি টপলাইন সহ বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এসময় ভোক্তাদের অভিযোগ সত্যতা প্রমাণিত হওয়ায় উল্লেখিত দোকানদারদের অর্থদন্ড ও মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

(এসএইচআর/ এসএএম/ ২৬ জুন ২০১৮)


Comment As:

Comment (0)