প্রবাসী আয় বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সদ্যসমাপ্ত ২০১৭-১৮ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে ১ হাজার ৪৯৮ কোটি রেমিট্যান্স ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে ২০১৬-১৭ অর্থবছরে দেশে এসেছিল ১ হাজার ২৭৭ কোটি ডলার। এ হিসেবে আগের অর্থবছরের তুলনায় এ আয় বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুনে দেশে ১৩৮ কোটি ১৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স আহরিত হয়েছে ৩৩ কোটি ৮৫ লাখ ডলার।
বিশেষায়িত দুটি ব্যাংকের মাধ্যমে এক কোটি ২৫ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০১ কোটি ৮৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
জুনেও বরাবরের মতোই বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স আহরিত হয়েছে। ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স আহরিত হয়েছে ২৭ কোটি ৪ লাখ মার্কিন ডলার। এছাড়া অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৫৩ লাখ ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ১৫ লাখ ডলার এবং জনতার মাধ্যমে ৮ কোটি ১৮ ডলার রেমিট্যান্স আহরিত হয়েছে।
(এসএএম/ ০৭ জুলাই ২০১৮)



