নরসিংদীতে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কলেজ পর্যায়ে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জাঁকজমকপূর্ণ পরিবেশে নরসিংদী সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক মোঃ নাসিম আনোয়ার।
নরসিংদী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস, নরসিংদী জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হায়াত শিপু, সহকারি পরিচালক রেজাউল করিম, সহকারি পরিচালক সূমিত্রা সেন, সহকারি পরিচালক পরিচালক মাসুদ রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলাম বশির।
মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে জনাব নাসিম আনোয়ার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। তোমাদেরকে দুর্নীতি বিরোধী আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে। কারণ, আজকে তোমরা যারা শিক্ষার্থী আগামী দিনে তোমাদের হাত ধরেই দুর্নীতি বিরোধী একটি আদর্শ রাষ্ট্র হিসেবে এদেশ সামনের দিকে এগিয়ে যাবে। তোমাদের হাত ধরেই পৃথিবীর সেরা ১০টি দেশের একটি দেশ হবে বাংলাদেশ। যে জাতি নারী শিক্ষায় এগিয়ে আছে সেদেশই বেশী অগ্রসরমান অবস্থায় আছে। তোমরা মাতা-পিতা-গুরুজনদের আদেশ মেনে চলবে । তাদের মাথা উচু হবে তখনই, যখন তুমি নিজেকে দুর্নীতি বিরোধী আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে।
আলোচনা সভাশেষে কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ে চার দলে ২০ জন ছাত্রী সাম্প্রতিক ঘটনা প্রবাহ ও দুর্নীতি বিরোধী বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
(এসএইচআর/এসএএম/ ১৮ জুলাই ২০১৮)



