খালেদা জিয়ার মুক্তির দাবিতে নরসিংদীতে বিএনপির বিক্ষোভ

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে বৃষ্টিকে উপেক্ষা করে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারস বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জেলা বিএনপি।

শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকেই নরসিংদীতে বৃষ্টি শুরু হয়। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তা সাড়ার কোন লক্ষ্য না দেখা দিলে বিএনপির নেতা কর্মীরা তা উপেক্ষা করেই বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি জেলা বিএনপির চিনিশপুরস্থ অস্থায়ী কার্যালয় হতে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের জেলাখানা মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে খায়রুল কবির খোকন বলেন, ‘ আজ এদেশে গণতন্ত্র পদধূলিত হচ্ছে। যে দেশে একজন নাগরিক তার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় সে দেশের সরকার প্রধানের মুখে গণতন্ত্রের কথা মানায় না। হামলা-মামলা দিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবেনা। আজ দেশের সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ নয় বরং পুলিশ। পুলিশ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা কর্মীদের হামলা করে নির্যাতন চালাচ্ছে। যা অত্যন্ত দু:খজনক।’ তিনি পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, আজ আপনারা যাদের ঈশারায় বিএনপির নেতা কর্মীদের উপর নির্যাতন ও হয়রানি করছে তারা চিরদিন ক্ষমতা থাকবেনা। ভুলে যাবেন না ক্ষমতা চিরস্থায়ী নয়। আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের ভাই। আমরাও এদেশের নাগরিক। তা এই নির্যাতন বন্ধ করুন।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সহ সভাপতি রোকেয়া আহম্মেদ লাকী, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎ, ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শামস্ কেনেডিসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

(এসএইচআর/এসএএম/ ২১ জুলাই ২০১৮)


Comment As:

Comment (0)