‘মার্কেন্টাইল ব্যাংক গুণীজন সম্মাননা-২০১৮’ পাচ্ছেন ৫ ব্যাক্তি
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: প্রতিবছরের ন্যায় এ বছরও ৫ জন গুণীজনকে সম্মাননা দেবে মার্কেন্টাইল ব্যাংক। এছাড়াও দেশে প্রথমবারের মতো এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড আয়োজন করেছে ব্যাংকটি। পাঁচজন মেধাবী তরুণ ব্যাংকারকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
বৃহস্পতিবার (২৬ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মনোনীত গুণীজন ও নির্বাচিত ব্যাংকারদের নাম ঘোষণা করেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা।
মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা-২০১৮ এর জন্য মনোনীত পাঁচ ব্যক্তি হলেন- শিক্ষা এবং সংস্কৃতি ক্ষেত্রে কবি নির্মলেন্দু গুণ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণা ক্ষেত্রে জাহানারা ইমাম (মরণোত্তর), অর্থনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণা ক্ষেত্রে ডা. আতিউর রহমান, শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে মোস্তফা কামাল ও ক্রীড়া ক্ষেত্রে মাশরাফি বিন মর্তুজা। নির্বাচিতদের ক্রেষ্ট, সোনার মেডেল এবং ৩ লাখ টাকা করে দেবে মার্কেন্টাইল ব্যাংক। নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য তাদের এই সম্মাননা দেওয়া হবে।
ব্যাংকের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা বলেন, আগামী ২৮ জুলাই রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত থাকবেন।
এদিকে এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত ৫ জন ব্যাংকার হলেন- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ফয়েজ উদদীন আহমেদ, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. নজরুল ইসলাম চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. রাজন মিয়া, ব্যাংক এশিয়া লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. রিয়াজুল হক, এবি ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। নির্বাচিতদেরকে ক্রেষ্ট, সার্টিফিকেট এবং ২ লাখ টাকা দেবে মার্কেন্টাইল ব্যাংক।
এ বিষয়ে ব্যাংকটির এমডি কাজী মসিহুর রহমান বলেন, গুণীজন ও ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ডের জন্য দুটি জুরি বোর্ড গঠন করা হয়েছিল। আর এই জুরি বোর্ডের সিদ্ধান্তেই তাদের নির্বাচিত করা হয়েছে।
তিনি বলেন, ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ডের জন্য বেসরকারি ব্যাংকগুলোর নিকট থেকে আবেদন চাওয়া হয়েছিল। মোট ৩৮ টি ব্যাংকের ৫১০ জন প্রথম ধাপে রেজিস্ট্রেশন করেছে। পরবর্তীতে তাদের নিকট থেকে এমসিকিউ টেস্ট নেয়া হয়েছে এতে ৪৪৩ জন অংশগ্রহণ করেন। এখানে নির্বাচিত হয়েছেন ১০৭ জন। নির্বাচিতদের লিখিত পরীক্ষা নেয়া হয়েছে। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ জন। উত্তীর্ণদের মধ্যে একটি বিষয়ে উপস্থাপনা করার জন্য দেয়া হয়েছে। সেখান থেকে ৫ জন চূড়ান্ত নির্বাচিত হয়েছেন।
তিনি আরও বলেন, মেধাবীদের আরও উৎসাহ দিতে এ অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে। আশা করছি, এ অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে মেধাবীরা ভবিষ্যতে অনুপ্রাণিত হবে। যা ব্যাংকিং খাতে গতি ও দক্ষতা বাড়াতে সহযোগিতা করবে।
সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী ও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জি.ডব্লিউ.এম. মোর্তজা, মো. জাকির হোসাইন ও আদিল রায়হানসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এসএএম/ ২৬ জুলাই ২০১৮)



