ঈদে চার গন্তব্যে অতিরিক্ত ফ্লাইট ছাড়বে ইউএস বাংলা এয়ারলাইন্স

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে চারটি অভ্যন্তরীণ গন্তব্যে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস।

শনিবার প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নিয়মিত ফ্লাইটের পাশাপাশি আগামী ১৭ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত ঢাকা থেকে যশোরে ৮টি, সৈয়দপুরে ৪টি, রাজশাহীতে ৩টি ও বরিশালে ২টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। ঘরমুখী যাত্রীদের ঈদ আনন্দের পূর্ণতা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইনস প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৬টি, যশোরে ২টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ২টি, সিলেটে ১টি, রাজশাহীতে ১টি ও বরিশালে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে। অতিরিক্ত ফ্লাইটের পাশাপাশি ইউএস-বাংলা বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসা যাত্রীদের বিশেষ ভাড়া নির্ধারণ করেছে। ১৭ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত রাজশাহী, বরিশাল, সৈয়দপুর ও যশোর থেকে ঢাকা ভ্রমণে খরচ পড়বে ১ হাজার ৯৯৯ টাকা।

এ বিষয়ে তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ ও ১৩৬০৫ নম্বরে যাত্রীরা যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া অনুমোদিত ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইনসের নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকে টিকিট সংগ্রহ করা যাবে। বর্তমানে অভ্যন্তরীণ গন্তব্যের পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইনস সাতটি আন্তর্জাতিক গন্তব্যে কার্যক্রম পরিচালনা করছে।

(এসএএম/ ২৯ জুলাই ২০১৮)


Comment As:

Comment (0)