এবার ডি-লিষ্টিংয়ের তালিকায় সোনারগাঁও টেক্সটাইল ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিগত ৫ বছর ধরে বিনিয়োগকারীদের কোনো প্রকার ডিভিডেন্ড না দেওয়া, নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম)না করে ডিলিস্টিংয়ের তালিকায় যোগ হলো আরো দুই কোম্পানি। এগুলো হলো: সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। এ দুটি কোম্পানিকেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিষ্টিং) রেগুলেশন,২০১৫ এর ৫১ (১) (এ) ধারায় কোম্পানিগুলোকে রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিষ্টিং) রেগুলেশন,২০১৫ এর ৫১ (১) (এ) বলা হয়েছে, যদি কোনো কোম্পানি তার সর্বশেষ ডিভিডেন্ড দেওয়ার পর ৫ বছর ধরে ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয় তাহলে ডিএসই চাইলে কোম্পানিকে ডি-লিষ্টিং করতে পারে। ইতিমধ্যে এই ধারায় আরো ১৩ কোম্পানিকে রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। সবমিলিয়ে তালিকাচ্যুতির তালিকায় কোম্পানির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫টিতে। কোম্পানিগুলো হলো: বেক্সিমকো সিনথেটিকস, দুলামিয়া কটন, আইসিবি ইসলামী ব্যাংক, ইমাম বাটন, জুট স্পিনার্স, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাষ্ট্রিজ, মেঘনা পেট ইন্ডাষ্ট্রিজ, সমতা লেদার কমপ্লেক্স , সাভার রিফ্যাক্টরীজ, শাইনপুকুর সিরামিকস, শ্যামপুর সুগার মিলস এবং জিলবাংলা সুগার মিলস লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইল এবং ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক।
উল্লেখ্য, সোনারগাঁও টেক্সটাইল বিগত ৫ বছর ধরে কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা করেনি। ১৯৯৫ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক বিগত ৫ বছর ধরে কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা করেনি। ২০০২ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
(এসএএম/ ০৮ আগস্ট ২০১৮)



