ব্যক্তিগত গ্যারান্টিতে ২৫ লাখ টাকা পাবেন নারী উদ্যোক্তারা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় নারী উদ্যোক্তাদের ব্যক্তিগত গ্যারান্টিকে জামানত হিসেবে বিবেচনা করে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা সহায়তা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় নতুন উদ্যোক্তাদের উদ্যোগের প্রকৃতি এবং উৎপাদিত পণ্য ও সেবার বাজার বিবেচনা করে ব্যাংকার-কাস্টমার সম্পর্কের ভিত্তিতে সহায়ক জামানতবিহীন প্রয়োজনে ১০ লাখ টাকার অধিক ঋণ বিতরণেরও নির্দশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশের সব তফশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের অর্থায়নে গতি আনার লক্ষ্যেই এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এইসব খাতে নারী উদ্যোক্তাদের উদ্যোগে অর্থায়ন পাওয়ার বিষয়টি আরও সহজ করতে অধিক গুরুত্ব দেওয়ার কথাও বলা হয় নির্দেশনায়।
গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের এসএমই অর্থায়ন সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। অবিলম্বে এ নির্দেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ইউএম/ ৩ এপ্রিল ২০১৭)



