শিবপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১; বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা : নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যায় শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের শানখোলা গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।
নিহত নজরুল পার্শ্ববর্তী বংশিরদিয়া আলিয়াবাদ গ্রামের মজিবুর রহমানের ছেলে। এ ঘটনার জের ধরে বাড়ি ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায় , খেলা নিয়ে দেড় বছর আগের শত্রুতার জের ধরে বংশিরদিয়া আলিয়াবাদ গ্রামের নজরুলের সঙ্গে শানখোলা গ্রামের মুরাদ ও সাব্বিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নজরুল মুরাদকে উদ্দেশ্য করে ছুরিকাঘাত করলে লক্ষ্যভ্রষ্ট হয়। পরে মুরাদ পাল্টা নজরুলকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। পরে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আলিয়াবাদ এলাকার লোকজন শানখোলা এলাকার আবদুল বাছেদ মেম্বারের বাড়িসহ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ সময় দুটি ট্রাক্টর ও একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ও নরসিংদী থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের এ ধরে এ অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ জেলা হাসপাতালে রয়েছে। সেখান থেকে রাতেই ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
(এসএইচআর/এসএএম/ ২৮ আগস্ট ২০১৮)



