মেডিকেলে ভর্তির অনলাইন আবেদন শুরু ৩১ আগস্ট
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি সংক্রান্ত অনলাইন আবেদন আগামী ২৭ আগস্টের পরিবর্তে ৩১ আগস্ট দুপুর ১২টা থেকে শুরু হবে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কয়েকটি জেলায় নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে এমবিবিএস ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত অনলাইন সফটওয়্যার প্রস্তুতকরণের সুবিধার্থে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন গ্রহণ আগামী ২৭ আগস্টের পরিবর্তে ৩১ আগস্ট দুপুর ১২টা থেকে শুরু হবে।
তবে অনলাইন আবেদনের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এমসিকিউ প্রশ্নের এক ঘণ্টা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর: জীববিদ্যা-৩০, রসায়নবিদ্যা-২৫, পদার্থবিদ্যা-২০, ইংরেজি-১৫, সাধারণ জ্ঞান : বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি-৬, আন্তর্জাতিক-৪। আগামী ৫ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমবিবিএস ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিজ্ঞরিত তথ্য http://dghs.teletalk.com.bd স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mohfw.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd হতে জানা যাবে।
সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য হবেন না। তবে সবার জন্য জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপি ৩.৫০ থাকতে হবে।
(এমআইআর/ ২৮ আগস্ট ২০১৮)



