নরসিংদীতে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে যাত্রীবাহী বাস ও সবজি বোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার পাচঁদোনা বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিকআপ ভ্যানের চালক রফিকুল (৩০) ও সবজি ব্যবসায়ী আকাশ (৩৫)। তারা নরসিংদীর শিবপুর ও মনোহরদী উপজেলার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী নিউ লাইন নামক একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থল ঢাকা-সিলেট মহাসড়কের পাচঁদোনা বাজার এলাকায় একটি রিক্সাকে অভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে নরসিংদীগামী সবজি বোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ ধুমড়ে-মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও এক সবজি ব্যবসায়ী নিহত হয়। এসময় পিকআপ ভ্যানের পিছনে থাকা আরো ৩ জন আহত হয়। তারা নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে ঘটনাস্থলে পাচঁদোনা পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে পিকআপ ভ্যানের ভিতর থেকে নিহতদের উদ্ধার করে। এসময় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।
পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মো: ইউসুফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘দূর্ঘটনার পর পর আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে আহতদের চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতাল এবং নিহতদের ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পরিবহন দু’টি আমাদের হেফাজতে থাকলেও বাসের চালক পালিয়ে যায়।’
(এসএইচআর/এসএএম/ ২৮ আগস্ট ২০১৮)



