রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪, আহত অর্ধশতাধিক
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রংপুরের সিও বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক যাত্রী।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসটি সিও বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা রংপুরগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ বলে জানা গেছে।
একইসঙ্গে দুই বাসের অন্তত ৫০ যাত্রী আহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
(কেএইচকে / ২ সেপ্টেম্বর ২০১৮)



