স্কুল নির্মাণে সিমেন্ট সহায়তা দিল লাফার্জহোলসিম
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সিএসআর কার্যক্রমের আওতায় স্কুল নির্মাণে সিমেন্ট সহায়তা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ ।
শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার চারপায়াতলী গ্রামের ইউরো বাংলা ফাউন্ডেশন মডেল স্কুলের নির্মাণ কাজের জন্য বিনামূল্যে ২৫০০ ব্যাগ সিমেন্ট দিয়েছে কোম্পানিটি।
নামমাত্র বেতনে এই স্কুলে শিক্ষা কার্যক্রম চলে; যা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। স্কুলটিতে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত চালু রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা ৩৫০ এবং শিক্ষক রয়েছেন ১৮ জন।
এতে লাফার্জহোলসিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্কুলটির প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, আমাদের এখানে ছাত্র-ছাত্রীরা অধিকাংশই দরিদ্র পরিবারের। তাদের একটি সুন্দর পরিবেশে শিক্ষা প্রদানের ইচ্ছা থেকেই আমরা লাফার্জহোলসিমের কাছে যাই এবং তারা আমাদের সাহায্য করার আগ্রহ প্রকাশ করেন। আমাদের স্কুলের চার তলা নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা স্কুলের সকলের পক্ষ থেকে লাফার্জহোলসিম বাংলাদেশকে ধন্যবাদ জানাই।
লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী রাজেশ সুরানা বলেন, আমরা যখনই এই প্রস্তাবটি পেয়েছি তখনই মহৎ এই কাজে তাদের পাশে থাকার ইচ্ছা পোষণ করেছি।
(এমআইআর/ ০৩ সেপ্টেম্বর ২০১৮)



