টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু ১২ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ১৯তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৮ ও ১৪ তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন এন্ড ফেব্রিক শো-২০১৮’ আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সেমস গ্লোবাল। আগামী ১২-১৫ সেপ্টেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২-১৫ সেপ্টেম্বর রাজধানীর কুড়িলে ঢাকাস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে তৈরি পোশাকখাতের সর্ববৃহৎ এই আন্তর্জাতিক প্রদর্শনীতে থাকছে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের আনুষাঙ্গিক যন্ত্রপাতি, সুতা ও কাপড় উৎপাদক মেশিনারিজ, ডায়েস এবং বিশেষ রাসায়নিক দ্রব্যের বিশাল সমাহার।

বিশ্বের প্রায় ২৫ টি দেশের, প্রায় ১২৫০ টি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। প্রদর্শনীগুলো ভোক্তা এবং উদ্যোগক্তাদের জন্য একটি যুগোপযোগী প্লাটফর্ম, যেখানে কার্যকরী যোগাযোগের মাধ্যমে উদ্যোগক্তারা আধুনিক প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারবেন।

প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল ১০.৩০ থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী উপভোগের জন্য www.e-registrations.com ওয়েবসাইটের  মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করা যাবে।

(এসএএম/ ০৪ সেপ্টেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)