এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ১২ জনকে দুদকে তলব

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আরব বাংলাদেশ (এবি) ব্যাংক লিঃ এর মহাখালী শাখার ৩৮৩ কোটি ২২ লাখ ১০ হাজার ৩৬৩ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ পরিচালনা পর্ষদের ১২ জন পরিচালককে অক্টোবর মাসের বিভিন্ন তারিখে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

সোমবার দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. সামসুল আলম এক চিঠিতে তাদের ডেকে পাঠান। তাদের আগামী ১ থেকে ৩ অক্টোবর সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয়ে তলব করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, আগামী ১ অক্টোবর এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক এম ওয়াহিদুল হক, পরিচালক মো. ফিরোজ আহমেদ, সাবেক পরিচালক এম এ আউয়াল ও অধ্যাপক মো. ইমতিয়াজ হোসেনকে তলব করা হয়েছে। ২ অক্টোবর পরিচালক শিশির রঞ্জন বোস, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, সাবেক পরিচালক মিশাল কবির ও সাবেক পরিচালক ফাহিমুল হক এবং ৩ অক্টোবর সাবেক পরিচালক মো. মেজবাহুল হক, সাবেক পরিচালক আনোয়ার জামিল সিদ্দিকী, সাবেক পরিচালক বি বি সাহা রায় এবং সাবেক পরিচালক রুনা জাকিয়া শাহরুদ খানকে তলব করা হয়েছে।

তবে দুদকের তলব করা এই ১২ জন মামলার আসামি নন।

এদিকে একই মামলার আসামি সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতা এম মোরশেদ খান ও তার স্ত্রী নাছরিন খানকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য দুদকে ডাকা হয়েছে।

(এমআইআর/ ১৭ সেপ্টেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)