নরসিংদীতে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নরসিংদীর পৌর হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল মো: নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) এমপি।
বাংলাদেশ শিক্ষক সমিতির নরসিংদী জেলা শাখার সভাপতি আজিজুর রহমান ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সহ সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাবু রঞ্জিত কুমার সাহা।
বাংলাদেশ শিক্ষক সমিতির নরসিংদী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন আচার্যের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা মন্ত্রনালয়ের অডিট এন্ড ইনিসফেকশন কর্মকতা অধ্যাপক শহিদুল্লাহ বাহার, মাধবদী ড্রায়িং এর ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মোশারফ হোসেন লিটন, দেবযানি টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক বিনয় দেবনাথ, বাংলাদেশ শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো: কাউছার আলী শেখ, বাংলাদেশ শিক্ষক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নূর শাখাওয়াৎ হোসেন ও বাংলাদেশ শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখার প্রধান উপদেষ্ঠা আতাউর রহমান ভূইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো: আলতাফ হোসেন নাজির। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সদস্য দীনেশ চন্দ্র দাস, বাবু রঞ্জিত দেবনাথ, আনোয়ারা বেগম ও নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম হিরু বলেন, শিক্ষকরা হচ্ছে জাতি গঠনের কারিগর। সর্বজনের শ্রদ্ধার পাত্র। শিক্ষকদের দাবীগুলো ন্যায্য। আমি মনে করি পেটে ক্ষুদা রেখে সঠিকভাবে পাঠদান করা সম্ভব হয় না। বর্তমান সরকার শিক্ষকদের দাবীগুলো পূরণ করবে তবে তার জন্য কিছুটা সময় দিতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্যাতিত, অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষকরাও এর বাহিরে নয়।
প্রতিমন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনকে বানচাল করতে একটি মহল ষড়যন্ত্র করছে। ওই মহল লন্ডনে বসে আন্তর্জাতিক খুনি চক্রে সাথে আতাত করছে। তারা বাংলাদেশকে আবার পাকিস্তানের কাছে নিয়ে যেতে চায়। বর্তমানে সেই ষড়যন্ত্রে শামিল হচ্ছে বিভিন্ন সময়ে ডিগবাজ খাওয়া নেতারা। তাই আপনারা সজাগ থেকে বাংলাদেশের ভবিষ্যৎ কাদের কাছে নিরাপদ তা ভেবে আগামী নির্বাচনে আপনাদের রায় দিবেন।
(এসএইচআর/এসএএম/ ২২ সেপ্টেম্বর ২০১৮)



