‘সিনিয়র শিক্ষক’ পদে পদোন্নতি পাচ্ছেন সাড়ে পাঁচ হাজার শিক্ষক
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রথমবারের মতো সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর সাড়ে পাঁচ হাজার সহকারী শিক্ষককে ‘সিনিয়র শিক্ষক’ পদে পদোন্নতি দেয়া হচ্ছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নতুন চাকরি বিধিমালা অনুযায়ী সহকারী শিক্ষকের মোট পদের অর্ধেককে নতুন এ পদে পদোন্নতি দিতে ইতোমধ্যে শুরু করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
এছাড়াও সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য আইসিটি শিক্ষক, ল্যাব এ্যাসিট্যান্ট ও সহকারি গ্রন্থাগারিকের পদ সৃষ্টিরও উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে গত সপ্তাহে সহকারী শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতিপ্রাপ্তদের প্রমার্জন করে প্রধান শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. আবদুল মান্নান জানান, সরকারি হাইস্কুলের শিক্ষকদের নতুন চাকরি বিধিমালায় সিনিয়র শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে। সাড়ে পাঁচ হাজার সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দিতে শিগগিরই মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। সহকারী শিক্ষকদের এসিআর (বার্ষিক গোপন প্রতিবেদন) যাচাই-বাছাই করে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। এসিআর সংগ্রহ করতে দুই এক দিনের মধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চিঠি দেয়া হবে।
তিনি বলেন, সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম শেষ হলে সহকারী শিক্ষকের শূন্য পদে আবার নিয়োগ দেয়া হবে। সম্প্রতি পদোন্নতি পাওয়া সহকারী শিক্ষকদের প্রমার্জন করে প্রধান শিক্ষক পদে পদোন্নোতির চিন্তাভাবনা চলছে। এ ধরনের পদোন্নতির দৃষ্টান্ত আগে আছে। এছাড়া প্রধান শিক্ষক হওয়ার জন্য তাদের বয়স হয়েছে।
মাউশির তথ্যানুযায়ী, সদ্য সরকারি স্বীকৃতিপ্রাপ্তসহ সারাদেশে বর্তমানে মোট ৫৩১টি সরকারি হাইস্কুল রয়েছে। এর মধ্যে পুরাতন সরকারি হাইস্কুলের সংখ্যা ৩১৭টি। নতুন সরকারি অনেক স্কুলে এখনও পদসৃজন হয়নি। পুরাতন সরকারি হাইস্কুলে ১০৯টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সরকারি হাইস্কুল শিক্ষকদের চাকরি বিধামালার গেজেট জারি করা হয়। ওই গেজেটে নতুন করে ‘সিনিয়র শিক্ষক’ পদটি সৃষ্টি করা হয়েছে।
(কেএইচকে / ২৪ সেপ্টেম্বর ২০১৮)



