বৃহস্পতিবার ঢাকায় জনসভা করতে চায় বিএনপি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রাজধানীতে আগামী বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) জনসভা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ।

রিজভী বলেন, বিএনপির উদ্যোগে আগামী ২৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সুশাসনের বোধ কখনোই ছিল না। নানা ফন্দি ফিকির করে ক্ষমতায় এসে সন্ত্রাস বিতরণের কেন্দ্রে পরিণত হয়। চাঁদাবাজি, দখল, টেন্ডার সন্ত্রাস, লুটপাট, নির্যাতন-অত্যাচারের কাহিনী প্রতিদিন সংবাদপত্রের পাতায় জায়গা দখল করে থাকে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আওয়ামী রাজনীতি কখনই দলীয় সংকীর্ণতার বলয় থেকে বেরিয়ে আসতে পারেনি। সেজন্য আওয়ামী ক্ষমতাসীনরা ব্যাংক-বীমা, শেয়ার বাজার, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য সেক্টর সবই আত্মসাৎ করেছে।’

‘এখন বেওয়ারিশ লাশ দাফনের সেবা দানকারী প্রতিষ্ঠান আঞ্জুমানে মফিদুল ইসলামের ওপরও এদের নেক নজর পড়েছে’ বলে জানান তিনি।

(এমআইআর/ ২৪ সেপ্টেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)