ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি আবেদন শুরু মঙ্গলবার
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) থেকে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সাত কলেজের প্রধান সমন্বয়কারী এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
২৫ সেপ্টেম্বর সাড়ে ১২টায় ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করবেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই আবেদন করা যাবে। অধিভুক্ত সাত কলেজের ওয়েবসাইট থেকে ভর্তি সংক্রান্ত সব তথ্য ও বিস্তারিত জানা যাবে।
ঢাবি অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
এখন থেকে এসব কলেজে ভর্তি পরীক্ষা, পাঠ্যসূচি ও পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হবে। এর আগে দেশের অন্যসব সরকারি-বেসরকারি কলেজের মতো এগুলোর ভর্তি পরীক্ষা ও শিক্ষাকার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হত।
(কেএইচকে / ২৪ সেপ্টেম্বর ২০১৮)



