খালেদা জিয়ার চিকিৎসার রিট শুনানি ১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে রিটের শুনানি মঙ্গলবার মুলতবি করে পরবর্তী শুনানির জন্য আগামী ১ অক্টোবর দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, শুনানি শেষে আমরা আদালতের কাছে একটা অর্ডার চাই। তখন আদালত বলেন, এখনতো ভ্যাকেশন, কোর্ট অল্প সময় চলবে। আপনাদের এটা বিস্তারিত শুনতে গেলে অন্য আইনজীবীদের ম্যাটারগুলো শোনা হবে না।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আদালতকে উদ্দেশ্য করে বলেন, মাই লর্ড, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিতে অ্যাটর্নি জেনারেল বিরোধিতা না করলেই তো- এখনই একটা অর্ডার দিতে পারেন।

আদালত বলেন, আপনারা যে প্রক্রিয়ায় বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সুবিধা চাচ্ছেন, সেক্ষেত্রে তো বিরোধিতা করার সুযোগ রয়েছে। এরপর আদালত বলেন, আমরা উভয় পক্ষের কাছ থেকে বিস্তারিত শুনব। এজন্য ১ অক্টোবর শুনানির জন্য রাখছি।

গত ৯ সেপ্টেম্বর দেশের বিশেষায়িত কোনো হাসপাতালে কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে কারা কর্তৃপক্ষকে প্রদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর কারাগারে বিশেষ আদালতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিচার নিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

 

জেএইচ/২৫ সেপ্টেম্বর ২০১৮


Comment As:

Comment (0)