‘দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে পুঁজিবাজারের গুরুত্ব অপরিসীম’

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  ‘একটি দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে পুঁজিবাজারের গুরুত্ব অপরিসীম। বৈশ্বিক অর্থনীতির সাথে সামঞ্জস্য বজায় রাখতে পুঁজিবাজার সর্বদা অন্যতম ভূমিকা পালন করে থাকে।  এক্ষেত্রে বিনিয়োগকারীসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট সকলকে আরও সতর্ক হতে হবে।’

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নির্দেশিত ‘কর্পোরেট গভর্ন্যান্স কোড’ শর্ষিক এক  আলোচনা সভায় এসব কথা বলেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের  প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শরীফ এম এ রহমান।

সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়।

শরীফ এম এ রহমান বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে বাংলাদেশ। অন্য দেশের তুলনায় আমাদের দেশ আর আগের মত পিছিয়ে নেই। বর্তমান বাংলাদেশের শেয়ার বাজারের খুবই ভাল উন্নতি হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে শীঘ্রই বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ব্যাংক ছেড়ে শেয়ারবাজারে আগ্রহী হতে বলেছেন।  একইসঙ্গে বর্তমান সরকার শেয়ারবাজারে অনেক সুযোগ সুবিধা দিয়ে রেখেছে।

একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের হেড অব কর্পোরেট স্ট্রাটেজিক বিজনেস মুহাম্মদ আলী তালুকদার আলোচনা সভার সার্বিক দিক তুলে ধরেন।

আলোচনা সভায় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এসএএম/ ২৭ সেপ্টেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)