উত্তরা থেকে দু্ই গুজব সৃষ্টিকারীকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রাজধানীর উত্তরা থেকে শুক্রবার (০৫ অক্টোবর) রাতে দুই গুজব সৃষ্টিকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- খালিদ বিন আহমেদ ও মোহাম্মদ হিজবুল্লাহ।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ‘এস কে টিভি’ নামে ইউটিউব চ্যানেল খুলে রাষ্ট্রবিরোধী গুজব ছড়াচ্ছিলেন। এমন অভিযোগের সত্যতা যাচাই করেই তাদের গ্রেফতার করা হয়েছে।

শনিবার (০৬ অক্টোবর) বিকেলে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খালিদ বিন আহমেদ ছিল এস কে টিভির এডমিন এবং হিজবুল্লাহ তার সহকারী হিসেবে কাজ করত বলে স্বীকার করেছে। জামাত-শিবিরের সঙ্গে তাদের সখ্য রয়েছে। তাদের প্রধান কাজ হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গের নামে কটুক্তি করা এবং টিভি ফুটেজ গুলো সংগ্রহ করে নিজের মতন করে ভয়েজ দিয়ে ইউটিউবে ছেড়ে দেওয়া। তাদের ইউটিউব চ্যানেলের ফলোয়ার ১০ লক্ষের বেশি।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টা মনিটর, একটি সিপিইউ, একটি ট্যাব, ২টি ভয়েস রেকর্ডার, একটি সিপিইউ এর পাওয়ার কেবল, একটি মাউস, দুটি কিবোর্ড, দুটি পাওয়ার অ্যাডাপ্টার কেবল, একটি হেডফোন, একটি সাউন্ড বক্স ও দুটি মোবাইল।

(জেএইচ/ ৬ অক্টোবর ২০১৮)


Comment As:

Comment (0)