অবৈধভাবে সিম বিক্রির অভিযোগে গ্রামীণফোন কর্মকর্তাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: অবৈধভাবে সিম বিক্রির অভিযোগে শনিবার (০৬ অক্টোবর) রাজধানীর মিরপুর থেকে গ্রামীণফোন কর্মকর্তাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সন্ধ্যায় মিরপুর ৬ নম্বর সেকশনের চলন্তিকা রোড থেকে তাদেরকে বিপুল পরিমাণ অবৈধ সিমসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-গ্রামীণফোনের সিনিয়র এক্সিকিউটিভ (বিজনেস সেলস) সৈয়দ তানভীরুর রহমান এবং পরিবেশক তৌফিক হোসেন পলাশ।

র‌্যাব-৪ এ দায়িত্বরত সিনিয়র এএসপি মোহাম্মদ সাজিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন কোম্পানিকে না জানিয়ে গ্রামীণ ফোনের ইস্যু করা করপোরেট সিম বাইরে বিক্রি করছিল। যা অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছিল।

রোববার (০৭ অক্টোবার) দুপুর ১২টায় কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে র‍্যাব-৪ এর সিইও চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, বিভিন্ন কোম্পানির অনুমতি ব্যতীত তারা অতিরিক্ত সিম রেজিস্ট্রেশন করে রাখে। কোম্পানিগুলো যদি ৫ টা সিম সংগ্রহ করে, তারা অতিরিক্ত ১০ টা সিম ঐ কোম্পানির নামে উঠায়। বেশি লাভের আশায় তারা এই অসাধু উপায়ে সিম রেজিস্ট্রেশন করে বিক্রি করে। যার অধিকাংশ গ্রাহকই অপকর্মের সঙ্গে জড়িত। গ্রেফতারকৃত দুই জনের কাছ থেকে, অবৈধ ৫৫৩ টি সিমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, নয়টি ট্যাব জব্দ করা হয়েছে।

(জেএইচ/ ৭ অক্টোবর)


Comment As:

Comment (0)