ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বিকাশের ‘স্পট রিক্রুটমেন্ট’ কর্মসূচী
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভলপমন্টে সেন্টার (সিডিসি) ও দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিং প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের যৌথ আয়োজনে গত ৪ অক্টোবর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে ‘স্পট রিক্রুটমেন্ট’ কর্মসূচী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় ও উদ্যোক্তা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল। ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খানের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিকাশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের অর্গানাইজেশনাল ডেভলপমেন্ট কর্মকর্তা আরিফা সুলতানা। সেমিনারটি সঞ্চালনা করেন ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের কর্মকর্তা আল সাফায়েত।
বিকাশ লিমিটেডের বিভিন্ন পদে কর্মী নিয়োগের উদ্দেশ্যে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী জীবনবৃত্তান্ত জমা দেন এবং সেমিনার শেষে এক ঘণ্টার একটি বহুনির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য আহ্বান জানাবে বিকাশ এবং মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন পদে নিযোগ প্রদান করবে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুধু শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট প্রদান করেনা বরং শিক্ষার্থীদের চাকরিও নিশ্চিত করে থাকে। আজকের স্পট রিক্রুটমেন্ট কর্মসূচি তার প্রমাণ। তিনি আরো বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থী বেকার থাকবে না এমন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েই এগিয়ে যাচ্ছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়।
সেমিনারের রিসোর্স পার্সন আরিফা সুলতানা বলেন, বিকাশ শুধু বাংলাদেশে নয়, বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ মোবাইল ফাইন্যান্সিং প্রতিষ্ঠান। প্রতিদিন বিকাশের মাধ্যমে পাঁচ মিলিয়ন আর্থিক লেনদেন সম্পন্ন হয়। বাংলাদেশের সামগ্রিক আর্থিক লেনদেনের ১৩ শতাংশ বিকাশের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। বলার অপেক্ষা রাখে না, এই বিরাট কর্মযজ্ঞ নিঁখুতভাবে সম্পন্ন করতে প্রচুর দক্ষ কর্মীর প্রয়োজন। বিকাশ তাই প্রতিনিয়ত কর্মী নিয়োগ করছে। আরিফা সুলতানা বলেন, মেধাবী মানবসম্পদ নিয়োগের উদ্দেশ্যে তারা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এই স্পট রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছেন।
উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টার নিয়মিতভাবে স্পট রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করে আসছে। আজকের আয়োজনটি ছিল ৫ম আয়োজন। এর আগে ডিজিকন টেকনোলজিস, অগমেটিক্স ও স্কয়ার গ্রুপ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে স্পট রিক্রুটমেন্ট কর্মসূচি পরিচালনা করেছে। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ০৭ অক্টোবর ২০১৮)



