খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১১ অক্টোবর পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়ে আগামী ১১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এ আদেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (০৯ অক্টোবর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ নিয়ে সপ্তমবারের মতো এ মামলায় জামিনের মেয়াদ বড়ানো হল।
আদালতে খালেদা জিয়ার পক্ষে জামিনের আবেদন করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
এর আগে এ মামলায় সর্বশেষ গত ৩ অক্টোবর খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৮ অক্টোবর পর্যন্ত বর্ধিত করেন আদালত।
খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
এ মামলায় গত ১২ মার্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন হাইকোর্ট। এর মেয়াদ শেষ হলে প্রথম দফায় ১৯ জুলাই পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়ানো হয়। পরে দ্বিতীয় দফায় ২৬ জুলাই, তৃতীয় দফায় ৩১ জুলাই, চতুর্থ দফায় ১৩ আগস্ট, পঞ্চম দফায় ৩ অক্টোবর ও ষষ্ঠ দফায় ৮ অক্টোবর পর্যন্ত সাবেক এ প্রধানমন্ত্রীর জামিনের মেয়াদ বৃদ্ধি করেন হাইকোর্ট।
চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
এর পর থেকে তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়। বর্তমানে তিনি বিএসএমএমইউয়ের ৬১২ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন।
(জেএইচ/ ০৯ অক্টোবর ২০১৮)



