মাধবদীতে ‘নিলুফা ভিলায়’ অভিযান চালাবে সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: জঙ্গিরা আত্মসমর্পণ না করলে নরসিংদীর মাধবদী এলাকার ‘নিলুফা ভিলায়’ অভিযান চালাবে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) ইউনিট।

বুধবার সকাল থেকে মাধবদী পৌরসভার ছোট গদাইরচরের সাত তলা ওই ভবনের আশপাশের এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। আগের দিনের মতই নিলুফা ভিলার ৫০০ গজের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা।

গতকাল বিকেলে মনিরুল ইসলাম বলেন, ‘নরসিংদীর আরেকটি আস্তানা মাধবদীর গাঙপাড় এলাকায়ও দিনের আলোতে অভিযান চালানো হবে। তাদেরকেও আত্মসমর্পণের আহ্বান জানানো হবে। আত্মসমর্পণ না করলে আমরা পরবর্তী অ্যাকশনে যাবো।’

জানা যায়, নরসিংদীর মাধবদীর ছোট গদাইরচর গাঙপাড় এলাকার বাড়িটির মালিক আফজাল হাজী। ওই ফ্ল্যাটটি ছয় মাস আগে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার বাসিন্দা হাফিজ ভূঁইয়া বাসা ভাড়া নেয়।

পুলিশ দাবি করছে, ‘নিলুফা ভিলা’ নামে সাততলা ওই বাড়িটির সপ্তম তলায় একটি ফ্ল্যাটে দুই নারী ও এক পুরুষ জঙ্গি রয়েছে।

কখন অভিযান চালানো হবে এমন এক প্রশ্নের উত্তরে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা তাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছি। যদি তারা আত্মসমর্পণ না করে, তা হলে আজ বুধবার অভিযান চালানোর পরিকল্পনা আছে।

সোমবার জঙ্গি আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে দুটি বাড়ি ঘিরে রাখে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট ও পুলিশ সদর দফতর এই যৌথ অভিযান পরিচালনা করছে।

গতকাল নরসিংদীর শেখেরচরের ভগিরথপুর এলাকায় জঙ্গি আস্তানায় অপারেশন ‘গর্ডিয়ান নট’ সমাপ্ত ঘোষণা করা হয়। এসময় ওই ভবন থেকে এক পুরুষ ও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

(এসএইচআর/এসএএম/ ১৭ অক্টোবর ২০১৮)


Comment As:

Comment (0)